নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলওয়ের কর্মীরা। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখে তাঁরা তা নেভানোর উদ্যোগ নেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিতেও কোনো প্রভাব পড়েনি।
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে রেললাইনে আগুন এবং ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।







