আলমডাঙ্গার প্রধান সড়কের স্পিড ব্রেকার চিহ্নিতকরণে অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদের কর্মসূচি

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আলমডাঙ্গা শহরের প্রধান সড়কের স্পিড ব্রেকারগুলো চিহ্নিতকরণে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) রাত নটার দিকে সংগঠনের আহ্বায়ক মোঃ আরসাদ হোসেন সাদের উদ্যোগে এবং সদস্য সচিব সোহরাব উদ্দিনসহ সংগঠনের সদস্যদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গার প্রধান সড়কের বিভিন্ন স্থানে থাকা স্পিড ব্রেকারগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী মোটরসাইকেল, অন্যান্য যানবাহনের চালক ও পথচারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয়দের মতে, সড়কের স্পিড ব্রেকারগুলো যথাযথভাবে দৃশ্যমান না থাকায় রাতের বেলায় প্রায়ই যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে পর্যাপ্ত আলো ও সতর্কতামূলক চিহ্ন না থাকলে চালকরা আগে থেকে স্পিড ব্রেকার সম্পর্কে ধারণা পান না। ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এ বাস্তবতায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদের এ উদ্যোগ জনস্বার্থে সময়োপযোগী ও প্রশংসনীয়।
অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদের এ কর্মসূচি সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। অবসর জীবনেও সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা যায়, সংগঠনটির সদস্যরা তাঁদের এ উদ্যোগের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরেছেন।
সচেতন মহল মনে করছে, স্পিড ব্রেকার চিহ্নিতকরণের পাশাপাশি সেগুলোতে স্থায়ীভাবে সাদা-হলুদ রং, প্রতিফলক এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকি প্রয়োজন।
জনস্বার্থে অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, সংগঠনটির এমন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আলমডাঙ্গার প্রধান সড়ককে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গার প্রধান সড়কের স্পিড ব্রেকার চিহ্নিতকরণে অবসরপ্রাপ্ত চাকরিজীবী কল্যাণ পরিষদের কর্মসূচি

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com