বাংলাদেশের বৃহত্তম একক রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক এবং সময়ের সঙ্গে এ সম্পর্ক আরও গভীর ও কৌশলগত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উদ্বোধনী বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি সৈয়দ কামাল হোসেন।
স্পিকার বলেন, ৩০তম ইউএস ট্রেড শো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দশক ধরে অ্যামচ্যাম বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসাসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী প্রযুক্তি ও ধারণা তুলে ধরা হচ্ছে।
এ সময় দেশের জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার। তিনি এ খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, অ্যামচ্যামের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাংলাদেশের বৃহত্তম একক রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com