সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিকের ওপর হামলা, লাঠিপেটা

শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে হামলার শিকার স্টার নিউজ ও একাত্তর টেলিভিশনের দুই প্রতিনিধি এবং এক ক্যামেরাপারসন
ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হয়েছেন তিন সংবাদমাধ্যমকর্মী। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁরা এ হামলার শিকার হন।
আহত সাংবাদিকরা হলেন স্টার নিউজ টেলিভিশনের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।
হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য তাঁরা হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান। সেখানে কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর কিছুটা সামনে এগিয়ে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন তাঁরা।
এ সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি তাঁদের সাংবাদিক পরিচয় জানতে পেরে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তিন সংবাদমাধ্যমকর্মী আহত হন।
একপর্যায়ে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে তাঁদের সহযোগিতায় আক্রান্ত সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ পান।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিকের ওপর হামলা, লাঠিপেটা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com