রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলায় র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কলাকৌশল, মৎস্য উৎপাদন বৃদ্ধির উপায় এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যাতে উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ করা সম্ভব হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা মৎস্য সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।








