শ্রীপুরে ভোক্তা অধিকার লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মাগুরা জেলার শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ১ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বেলা ১১.০০টা থেকে ২.০০টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সার-কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স সাহা ট্রেডার্স নামক সার-কীটনাশক ও বীজ বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পণ্য জব্দ করা হয়। এছাড়া অননুমোদিত বীজ বিক্রয় ও মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স রাজিব ট্রেডার্সকে সার বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করা ও র‍্যাকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রয় করার অপরাধে একই ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

সর্বশেষ খবর