
আবুল কালাম আজাদ :আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে দেশের প্রতিটি সংস্কৃতি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ নগরীর একটি সভাকক্ষে জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী জনগনের কাছে পৌঁছে দেওয়ায় সংস্কৃতি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিল্প ও সাংস্কৃতিক মাধ্যমে জনগনের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া সম্ভব, যা সাধারণ বক্তব্যের মাধ্যমে সহজে সম্ভব নয়। এজন্য মাঠে কার্যকর ভূমিকা রাখার জন্য দক্ষ সাংস্কৃতিক দল গঠন করতে হবে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিন সারোয়ার, এড. আজিজুল হাই সোহাগ, আনোয়ারুল ইসলাম মিথুন, সজিব হাসান সানি, সাজেদুল ইসলাম শিহাব, লুৎফর রহমান সরকার, মামুন তালুকদার, শাহনাজ বহ্নি, সুফিয়া আক্তার মায়া, শরীফ হোসেন, মনির হোসেন পাঠান ও মোঃ কাইয়ুম।
বক্তারা আরও বলেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের অপপ্রচারের প্রতিউত্তর নিশ্চিত করতে হবে। দল মনোনীত ‘ধানের শীষ’ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশ বাঁচবে, অন্যথায় আরও সংকট দেখা দেবে।
সভা শেষে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে শক্তিশালী করার মাধ্যমে দেশীয় শিল্প ও সংস্কৃতিকে বিকাশের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বিএনপিকে মৌলবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা ব্যর্থ করার জন্য প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।









