মান্দায় নানা বাড়ি যাওয়া হলো না শিশু আছিয়ার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মোঃ সুমন হোসেন নওগাঁর মান্দায় ভ্যানে করে পরিবারসহ নানা বাড়ি যাচ্ছিলো ২ বছরের শিশু আছিয়া আক্তার। যাওয়ার পথে সিএনজির ধাক্কায় প্রাণ যায় শিশুটির। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু আছিয়া আক্তার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন এর একটি মাত্র মেয়ে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা সড়কের কশব ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় বাসিন্দা আহাদ আলী জানান, নিহত শিশু আছিয়া ও তার পরিবারসহ নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। কশব ইউনিয়ন পরিষদের কাছে রাস্তায় পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভ্যানটিকে ধাক্কা দিলে শিশু  আছিয়া রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর দ্রুত উদ্ধার করে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ দিকে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে।  আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।  বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনার পর ঘাতক সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031