আলমডাঙ্গায় জিকে খালের ওপর অবৈধ দোকান নির্মাণ: কৃষকরা পানি সংকটে বিপর্যস্ত

আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মন্ডলপাড়ায় জিকে প্রকল্পের খালের ওপর পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. আতিয়ার রহমান (৫০) এই অবৈধ নির্মাণ কাজ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সূত্রে জানা যায়, আতিয়ার রহমান কামালপুর মন্ডলপাড়া এলাকায় নিজ জমিতে বাড়ি নির্মাণের পাশাপাশি জিকে প্রকল্পের খালের ওপর ইট ও ঢালাই দিয়ে দোকানঘর নির্মাণ করেন। খালটি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের মাঠে সেচের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু খালের উপর ঘর নির্মাণ করায় পানির প্রবাহ ব্যাহত হচ্ছে এবং কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়রা অভিযোগ করেন, আতিয়ার রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। অভিযোগ রয়েছে, খাল দখলের প্রতিবাদ করলেই তিনি হুমকি-ধামকি দেন এমনকি মারধরের ঘটনাও ঘটিয়েছেন। আতিয়ারের ছেলে আসিফও তার এই অপকর্মে সহযোগিতা করছেন বলে স্থানীয়দের দাবি। এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তিনি (আতিয়ার) কোনো বৈধ অনুমোদন নেননি। জিজ্ঞেস করলে বলেন মৌখিক অনুমতি আছে। কেউ বাধা দিলে গলা কেটে দেবে—এমন হুমকি দিয়ে চুপ করিয়ে দেন সবাইকে।” স্থানীয় কৃষকরা বলেন, জিকে প্রকল্পের খালের পানি ছাড়া তাদের ফসলি জমিতে সেচ দেয়া সম্ভব নয়। অবৈধ দখলদারিত্বের ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তারা আরও বলেন, “যদি এখনই এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অন্যরাও সরকারের খাল দখল করে একই কাজ করবে। এতে জিকে প্রকল্পের পুরো এলাকার কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে।” স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দখলমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হোক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031