
মোঃ আসিফুজ্জামান আসিফ ( সাভার): সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন – সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। যৌথ বাহিনী জানায়, এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত ছিনতাই করে আসছিল। তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো।
অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে সুইস গিয়ার চাকু, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সোহেল একজন হত্যা মামলার আসামি বলেও জানায় যৌথ বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮১ পদাতিক বিগ্রেডের ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। তার সঙ্গে ছিলেন মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর এই অভিযানে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে এলাকাবাসী। যৌথ বাহিনী মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলেও জানান কর্মকর্তারা।









