
শাকিল হোসেন, প্রতিনিধি – কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নাম পরিবর্তনের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রবিবার (১ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর ডিগ্রি কলেজের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কালিয়াকৈর ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সম্প্রতি চন্দ্রা এলাকায় প্রতিষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘কালিয়াকৈর সরকারি কলেজ’ নামকরণের একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ঐতিহাসিক কলেজটির স্বকীয়তা ও পরিচিতি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান নেন এবং ‘নাম পরিবর্তনের সিদ্ধান্ত মানি না, মানবো না’ বলে স্লোগান দেন। সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ মানুষ ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক প্রতিনিধি মো. লুৎফর রহমান, রফিকুল ইসলাম রফিক, আলাউদ্দিন খান, আব্দুস সালাম, জাহিদুর রহমান ও মফিজুল ইসলাম। তারা সরকারের কাছে অবিলম্বে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা বলেন, “কালিয়াকৈর কলেজের নাম বহু বছরের ঐতিহ্য বহন করে। এই নাম অন্য কোনো প্রতিষ্ঠানে ব্যবহৃত হলে আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন হবে।” এ প্রতিবাদ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে










