
প্রতীক কুমার : কুড়িগ্রাম সদর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকায় মরা গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গরু ৯ মাসের গর্ভবতী অবস্থায় হঠাৎ মারা যায়। পরে মৃত গরুটিকে জবাই করে কেটে তার মাংস বাজারে আনার চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত বামনের হাট বাজার কমিটি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তার সাথে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তবকপুর ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, আমরা জনগণের সহায়তায় বিষয়টি দ্রুত বুঝতে পেরেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বাজারে যেন কেউ ক্ষতিকর বা অনৈতিকভাবে খাদ্য বিক্রি না করতে পারে, সেটি আমাদের সবার নিশ্চিত করা দরকার। এ ঘটনায় বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।










