কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ পৌরসভা এলাকার সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, এর আগেও কাগজপত্রের ঘাটতির কারণে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে একাধিকবার জরিমানা ও সিলগালা করা হয়েছিল। অভিযানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা, কালীগঞ্জ থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।” আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর