কুড়িগ্রাম -৩ এমপির নামে নকল সিল, ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্যর নামে নকল (অবৈধ) সিল তৈরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কুড়িগ্রাম-৩ আসনের এমপির ব্যক্তিগত সহকারী বাদী হয়ে এক ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের ভাঙা মার্কেট এলাকায় তহুরা কম্পিউটারের দোকানে গত ২ এপ্রিল দোকানি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পাণ্ডে গবার নামে অনুমতি ছাড়া নকল সিল তৈরি করছিলেন। গোপনে খবর পেয়ে সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বিষয়টি এমপিকে জানালে তিনি তার নামে সিল তৈরির বিষয়ে অবগত নন বলে জানান।

এমপি বিষয়টি খোঁজ নিয়ে সঠিকতা যাচাই করে ব্যক্তিগত সহকারীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে এ বিষয়টি মৌখিক ভাবে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নকল সিল তৈরির প্রস্তুতি শেষ করার সময় দোকানি আব্দুর রশিদকে (৪০) আটক করে থানায় নিয়ে আসেন। ৩ এপ্রিল থানা পুলিশ আটক রশিদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। পরদিন তিনি জামিনে বেড়িয়ে আসেন।

এদিকে ঘটনার চারদিন পর শনিবার রাতে এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলায় বলা হয়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান লাভলুসহ অজ্ঞাত নামা আরও চারজন ২ এপ্রিল রশিদের দোকানে এসে নকল সিলটি বানানোর জন্য দেন। তাদের কথা অনুযায়ী দোকানি সিল তৈরি করেন। দীর্ঘদিন ধরে ওই ইউপি সদস্যসহ একটি চক্র জালিয়াতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে জাল সিলসহ গুরুত্বপূর্ণ ও মূল্যমান কাগজপত্র জালিয়াতি করে আসছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, এমপির নামে জাল সিল বানানোর ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য সর্বাত্মক অভিযান চলছে।

তিনি আরও বলেন, গত ২ এপ্রিল মৌখিক অভিযোগের ভিত্তিতে দোকানি আব্দুর রশিদকে আটক করা হয়। এমপির পক্ষ থেকে ওই দিন মামলা না করায় আটক ব্যক্তিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031