ব্রেকিং নিউজ
জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নিয়েছেন ৩৮০ উদ্যোক্তা

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা ৬ মিনিটে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ভিডিওচিত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন, ২০০৫ সালে ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়।

দেশীয় ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ ক্যাটাগরির উদ্যোক্তা।

পুরস্কার বিতরণ শেষে বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।

পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম ঘুরে দেখেন।

এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নিয়েছেন ৩৮০ উদ্যোক্তা

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com