ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা সম্পাদক। এ সময় মুখোশধারী ডাকাতদল নগদ এক লাখ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুল্লাহ আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী আফসারা তাসনিম এবং পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তাঁরা অ্যাম্বুলেন্সে করে যশোর যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ ফেলে তাঁদের পথরোধ করে আনুমানিক ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাতদল। পরে ডাকাতেরা অ্যাম্বুলেন্সটি থামিয়ে তাঁর, তাঁর মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তাঁর স্ত্রী আফসারা তাসনিম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি সন্তান প্রসব করেন। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী নারী ছিলেন। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে নবজাতকের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্য। নবজাতকের মৃত্যুর বিষয়টিও তিনি শুনেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।








