[post-views]
দুই কিডনি বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল; প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা


দীর্ঘ চার দশক ধরে মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা অসংগতি, জনদুর্ভোগ ও সম্ভাবনার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন তিনি। অথচ আজ নিজেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা।
এ রহমান মুকুল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। চার দশকের সাংবাদিকতা জীবনে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পঞ্চগড়ের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেছেন। জেলার সাংবাদিকতা অঙ্গনেও তিনি সুপরিচিত মুখ।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ৬০ বছর বয়সী এ রহমান মুকুল। একপর্যায়ে তিনি ক্রনিক কিডনি ডিজিজে (সিকেডি) আক্রান্ত হন। ধীরে ধীরে তার কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে।
রংপুর ও ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হতে পারে। কিন্তু দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় ও আর্থিক সংকটের কারণে এত বিপুল অর্থের সংস্থান করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা চালিয়ে নেওয়াই এখন পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে নিজের জীবন বাঁচাতে সমাজের মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক এ রহমান মুকুল ও তার পরিবারের সদস্যরা। তার রক্তের গ্রুপ এবি পজিটিভ (AB+)।
তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি, বিত্তশালী মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, দানশীল প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।
যে মানুষটি দীর্ঘ চার দশক ধরে অন্যের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের কথা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই নিজের জীবন বাঁচাতে সমাজের মানুষের সহযোগিতার অপেক্ষায়। সামর্থ্য অনুযায়ী সবার সামান্য সহযোগিতাও তার চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত মানবিক উদ্যোগে হয়তো ফিরে পেতে পারেন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।
সহায়তা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
নাম: এ রহমান মুকুল
ঠিকানা: চন্দ্রিমা, পূর্ব জালাসী, পঞ্চগড়।
মোবাইল: ০১৭১৫১৩৮৩০৯, ০১৭১২৬২২৫০১
ব্যাংক হিসাব নম্বর: ৫১০১২০২০০৭৭০০০০১
ব্যাংক: ব্র্যাক ব্যাংক, পঞ্চগড় শাখা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দুই কিডনি বিকল, বাঁচতে চান জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল; প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com