[post-views]
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ-বেতের কুটিরশিল্প আজও টিকিয়ে রেখেছেন খুলনার পাইকগাছার অনেক মানুষ। আধুনিকতার ছোঁয়ায় নানা ধরনের প্লাস্টিক ও ধাতব সামগ্রীর ব্যবহার বাড়লেও বাঁশ-বেতের তৈরি ঝুড়ি, কুলা, খারাই, ডালা ও মুরগির খাঁচার কদর এখনো রয়েছে গ্রামাঞ্চলে। এসব পণ্য তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার। তাঁদেরই একজন বৃদ্ধ গোষ্ঠ দাস।প্রায় দুই যুগ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ঘুরে বাঁশ ও কুঞ্চির শলা দিয়ে তৈরি গৃহস্থালি সামগ্রী বিক্রি করে সংসার চালিয়ে আসছেন গোষ্ঠ দাস। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের বাসিন্দা।পাইকগাছা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। প্রতিদিন সকালে কাঁধে বাঁশের বাঁক ও হাতে হ্যান্ড মাইক নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বাঁশ-বেতের তৈরি সামগ্রী নিয়ে জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন গোষ্ঠ দাস। প্রতিদিন নতুন নতুন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন ঝুড়ি, কুলা, মুরগির খাঁচা, খারাই, ডালাসহ নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী।গোষ্ঠ দাস জানান, রান্নার আগে চাউল থেকে ধান ও অন্যান্য ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত প্রতিটি কুলা ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করেন। মুরগির খাঁচা বিক্রি করেন ১৩০ থেকে ১৪০ টাকায়। এ ছাড়া শাকসবজি ও মাছ ধোয়ার কাজে ব্যবহৃত বাঁশের তৈরি ছোট ডালা ৯০ টাকা এবং খারাই ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করেন। এসব পণ্য বিক্রি করেই চলে তাঁর সংসার।এদিকে, পাইকগাছা পৌরসভার খ্রিস্টানপাড়ায় প্রায় ২০ থেকে ৩০টি পরিবার বাঁশ-বেতের পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করছে। ওই এলাকার দুলাল মণ্ডল জানান, প্রায় ৩০ বছর ধরে বাঁশের শলা ও বেত দিয়ে ঝুড়ি, কুলা, খারাই, ডালাসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরি করে আসছেন তাঁরা।শুধু পৌরসভা নয়, উপজেলার কাটিপাড়ার ঋষিপাড়া, চাঁদখালী, চৌমুহনী, গড়ইখালী ও হরিঢালী ইউনিয়নের খ্রিস্টান ও ঋষি সম্প্রদায়ের অনেক পরিবারও এ পেশার সঙ্গে যুক্ত।হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের অমাল মণ্ডল দীর্ঘ চার যুগ ধরে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সামগ্রী প্রস্তুত করছেন। তাঁর তৈরি পণ্যের মধ্যে রয়েছে ঝুড়ি, ডালা, খারাই, কুলা, চালন, ধান সংরক্ষণের আউড়ি ও ডোল। এ ছাড়া সাগরে মাছ শুকানোর চালন এবং বাগদা চিংড়ি বহনের বড় ঝুড়িও তৈরি করেন তিনি। বেত দিয়ে তৈরি করেন ধামা, পালি, পাতি ও আউড়ির ডালা।অমাল মণ্ডল জানান, এ পেশায় পরিবারের নারী ও পুরুষ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করেন। পরিবারের সবাই মিলে এসব পণ্য তৈরি করেন এবং তা বিক্রি করেই তাঁদের সংসার চলে।গ্রামবাংলার ঐতিহ্য ও প্রয়োজনের সঙ্গে মিশে থাকা বাঁশ-বেতের এই কুটিরশিল্প শুধু কয়েকটি পরিবারের জীবিকার মাধ্যম নয়, এটি এ অঞ্চলের দীর্ঘদিনের লোকজ ঐতিহ্যেরও অংশ। তবে সময়ের পরিবর্তন, আধুনিক পণ্যের ব্যবহার ও বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এ শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো কতটা টিকে থাকতে পারবে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com