চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর (চৌরাস্তার মোড়) এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (১৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা কছর আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী কলমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়ায় নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় আহত অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।






