চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অতিরিক্ত খাজনা ও টোল আদায় বন্ধে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। সরকারি নির্ধারিত নিয়মে খাজনা আদায় নিশ্চিত করতে হাট-বাজারের গুরুত্বপূর্ণ স্থানে টোল আদায়ের তালিকা টাঙানোর পাশাপাশি জনসচেতনতায় মাইকিং করা হচ্ছে। এ উদ্যোগের ফলে হাট-বাজারে পণ্য কেনাবেচা করতে আসা কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই সরকার নির্ধারিত খাজনা ও টোলের পরিমাণ জানতে পারবেন। একই সঙ্গে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে খাজনা ও টোল আদায় নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা অভিযোগ ও অসন্তোষ রয়েছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি নির্ধারিত তালিকা প্রকাশ্যে টাঙানো এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ উদ্যোগের ফলে খাজনা আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা অযাচিত হয়রানি থেকে রেহাই পাবেন। জনস্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, শুধু নিয়ম নির্ধারণ নয়, সাধারণ মানুষের কাছে সেই নিয়ম পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন আলমডাঙ্গার সাধারণ মানুষ।








