ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর থানার ডাইলপট্টি মসজিদসংলগ্ন বস্তি এলাকার রিপন ইসলামের ছেলে মো. আসিফ ইসলাম ওরফে ইছা (২৫) এবং ঢাকার আশুলিয়া থানার জামগড়া মোল্লাপাড়া এলাকার মো. হুমায়ন কবির বাবুর ছেলে মো. ফারহান শেখ (২১)।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর এলাকায় মাদকদ্রব্যের একটি চালান কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আসিফ ইসলাম ওরফে ইছা ও ফারহান শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের অপরাধসংক্রান্ত পূর্ববর্তী তথ্য পর্যালোচনা করে আসিফ ইসলাম ওরফে ইছার বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।








