চুয়াডাঙ্গায় নির্ধারিত এলাকার বাইরে সার পাচার এবং বিক্রির সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে নেহালপুর কৃষ্ণপুর বাজারের মেসার্স রানা ট্রেডার্সকে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার পাচারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হিজলগাড়ী বাজারের বাবুল ট্রেডার্সকে সার বিক্রির সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারের বাজারে কৃত্রিম সংকট রোধ, সার বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।








