যশোরের মণিরামপুর পৌর শহরে দীর্ঘদিনের যানজট নিরসনে এবার কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বাজারের প্রধান সড়কে ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকসহ তিন চাকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্ত বাস্তবায়নে অভিযান চালিয়ে কয়েকটি ভ্যান ও ইজিবাইক জব্দ করে পৌরসভা চত্বরে নেওয়া হয়। পরে চালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেনের নির্দেশনায় উপজেলা গেট, রাজগঞ্জ মোড়ের ব্রিজ, গরুহাট মোড়, দোলখোলা মোড় ও দুর্গাপুর মোড় থেকে বাজারের ভেতরে কোনো ধরনের তিন চাকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তে একদিকে বাজারের প্রধান সড়কে যানজট কমানোর উদ্যোগকে স্বাগত জানালেও অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছেন ভ্যান ও ইজিবাইক চালকেরা। তাদের অভিযোগ, বাজারের মধ্যে যাত্রী ওঠানো কিংবা নামানোর জন্যও কোনো সময় দেওয়া হচ্ছে না। ফলে যাত্রী পরিবহন করতে গিয়ে তারা পড়েছেন চরম ভোগান্তিতে।ভ্যানচালক ইনামুল হক বলেন, ‘বাজারের মধ্যে থেকে যদি যাত্রী উঠাতে না পারি, তাহলে যাত্রী পাব কোথায়? অন্তত যাত্রী ওঠানো ও নামানোর জন্য নির্দিষ্ট কিছু সময় দেওয়া হোক। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।’চালকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে পৌর শহরে ভ্যান ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে সম্পূর্ণভাবে তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণ করা হলে তাদের আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়বে। তাই যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এদিকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মনে করছেন, শুধু আনসার সদস্য মোতায়েন কিংবা ভ্যান-ইজিবাইক নিয়ন্ত্রণ করে মণিরামপুরের দীর্ঘদিনের যানজটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাদের মতে, পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর অবকাঠামোগত সংকট চিহ্নিত করে সড়ক প্রশস্তকরণ, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং নির্দিষ্ট স্থানে যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে।স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় দোকানের সামনে পণ্য ওঠানামা, রাস্তার পাশে অবৈধ পার্কিং, পথচারীদের চলাচলের জায়গা দখল এবং যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামার কারণে দিনের ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে। শুধু ভ্যান ও ইজিবাইক নিয়ন্ত্রণ করলে এসব সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন তারা।
সংশ্লিষ্টদের মতে, মণিরামপুর বাজারের যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে প্রশাসনের তাৎক্ষণিক অভিযান যেমন প্রয়োজন, তেমনি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি। চালকদের জীবিকা, যাত্রীদের সুবিধা এবং পথচারীদের নিরাপদ চলাচল—তিনটি বিষয় সমন্বয় করে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি উঠেছে।স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের চলমান উদ্যোগ যেন শুধু অভিযান ও জব্দের মধ্যে সীমাবদ্ধ না থাকে। যানজটের মূল কারণ চিহ্নিত করে বাজার ব্যবস্থাপনা, সড়ক ব্যবস্থাপনা ও গণপরিবহন চলাচলে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হলে মণিরামপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।








