পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের শালতলা মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তি বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সজাগ রয়েছে। সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, সাবেক সহসভাপতি শিরিনা আক্তার, জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








