বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ১৮তম ব্যাচে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিন কৃতী সন্তান। তাঁরা হলেন—হারদী গ্রামের সাদিয়া আফরিন খান, নওদাপাড়া গ্রামের আনারুল ইসলাম এবং কায়েতপাড়া গ্রামের রাজু আহমেদ।
সাদিয়া আফরিন খান আলমডাঙ্গার হারদী গ্রামের বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নিয়ে তিনি সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আলমডাঙ্গার নওদাপাড়া গ্রামের আনারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই পরীক্ষায় অংশ নিয়ে তিনিও সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অন্যদিকে, আলমডাঙ্গার কায়েতপাড়া গ্রামের রাজু আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।
তিনজনের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাজীবনের পথ আলাদা হলেও একই পরীক্ষায় সাফল্য অর্জন করে তাঁরা আলমডাঙ্গার শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিচার বিভাগে দায়িত্ব পালনের মাধ্যমে সাদিয়া আফরিন খান, আনারুল ইসলাম ও রাজু আহমেদ সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন।








