চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে জীবননগর বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনার অভিযোগে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে আরোপ করা মোট ৫০ হাজার টাকা জরিমানা প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণে ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।








