: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) আলমডাঙ্গা থানা পুলিশ ও থানাধীন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ রাধিকাগঞ্জ গ্রামে অভিযান চালান।গোপন সংবাদের ভিত্তিতে বাবুল শেখের বাড়িসংলগ্ন রেললাইনে অভিযান চালিয়ে শামিম (২৭) ও বিপ্লব হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা।অন্যদিকে, আলমডাঙ্গা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ডম্বলপুর গ্রামের এরশাদ আলীকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হালিম (৪৩), রোকসানা আক্তার ও টুটুলকে (৪০) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, শামিম ও বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল হালিম ও রোকসানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরশাদ আলী ও টুটুলকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।








