৮ লাখ ৬৮ হাজার টাকার ভুট্টা নিয়ে গন্তব্যে পৌঁছায়নি ট্রাক, মালিক ও চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ,চুয়াডাঙ্গার দর্শনা থেকে কাজী ফার্মস লিমিটেডের ভোলার খেয়াঘাট ইউনিটে পাঠানো ৩৯৪ বস্তা ভুট্টাসহ একটি ট্রাক আট দিন ধরে নিখোঁজ রয়েছে। নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছানো এবং ট্রাকচালকের মোবাইল ফোন বন্ধ থাকায় ভুট্টা নিয়ে উদ্বেগে রয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। এ ঘটনায় ট্রাকমালিক ও চালকের নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করছে পুলিশ।নিখোঁজ ভুট্টার পরিমাণ ২১ হাজার ৬৯০ কেজি। ব্যবসায়ীর দাবি, এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৮ হাজার টাকা।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা পৌরসভার করিমপুর এলাকায় কাজী ফার্মস লিমিটেডের নিজস্ব গোডাউন থেকে ভুট্টাগুলো একটি ট্রাকে বোঝাই করা হয়। দর্শনা শহরের পুরাতন বাজারের রেল ইয়ার্ড এলাকার সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক রফিকুল ইসলামের কাছ থেকে ৩২ হাজার টাকা ভাড়ায় ট্রাকটি নেওয়া হয়। ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৩৫৩৪।
কাজী ফার্মস লিমিটেডের প্রতিনিধি ও ভুট্টা ব্যবসায়ী ইকবাল কবির জাহিদের ব্যবস্থাপনায় চালানটি ভোলার খেয়াঘাট ইউনিটে পাঠানো হয়। চুক্তি অনুযায়ী, ১২ সেপ্টেম্বরের মধ্যে ভুট্টা নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেখানে ভুট্টা পৌঁছায়নি।এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও ট্রাক ও ভুট্টার সন্ধান পাননি বলে দাবি করেন ইকবাল কবির জাহিদ। ট্রাকচালক মহিবুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।ইকবাল কবির জাহিদ বলেন, “আমি নিয়মিত ভুট্টা পাঠাই। সাধারণত সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য গন্তব্যে পৌঁছে যায়। কিন্তু এবার আট দিন পার হলেও ট্রাক কিংবা ভুট্টার কোনো খবর পাচ্ছি না। চালক মহিবুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।”তিনি আরও বলেন, “সব জায়গায় খোঁজাখুঁজি করেও ভুট্টার সন্ধান না পেয়ে ট্রাকমালিক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করি। চালকের বিষয়ে জানতে চাইলে তাঁর আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হয়। পরে বৃহস্পতিবার রাতে ট্রাকমালিক ও চালকের নাম উল্লেখ করে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”
তবে ট্রাকমালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগকারী জানিয়েছেন, তাঁর ৩৯৪ বস্তা ভুট্টাসহ একটি ট্রাক উধাও হয়ে গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, আট দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ট্রাক, ভুট্টা ও চালকের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং নিখোঁজ পণ্য উদ্ধারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী।








