ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার জনবল, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, কৃষি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।” এ সময় আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এসব পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী আরও বলেন, মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে বর্তমান সরকার কাজ শুরু করেছে। বৈঠকে মাটি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে প্রয়োজন অনুযায়ী ব্যবহারের পাশাপাশি রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সারের ব্যবহার বাড়ানোর মাধ্যমে মাটির গুণগত মান রক্ষার বিষয়ে আলোচনা হয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে। বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং ব্যবস্থা আরও জোরদার এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতল এলাকার বিভিন্ন পরিত্যক্ত জমিতে তুলা উৎপাদন, চরাঞ্চলের জমিতে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষ সম্প্রসারণ এবং কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী বিদেশে পাঠানো, কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপি বলেন, কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। কৃষি খাতকে আরও গতিশীল করতে মন্ত্রণালয় কার্যকরভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম এমপি, মোঃ মোস্তাফিজুর রহমান এমপি, মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি, মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি, মোছাঃ সাবিরা সুলতানা এমপি, মোঃ গোলাম রছুল এমপি এবং মোঃ আব্দুল বারী সরদার এমপি অংশগ্রহণ করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








