চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাতের আঁধারে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অস্ট্রেলিয়ান জাতের একটি ষাঁড় গরু চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নগরবোয়ালিয়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মানিকের বাড়ির গোয়ালঘরে শখ ও যত্নের সঙ্গে অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়টি লালন-পালন করা হচ্ছিল। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো গরুটিকে গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গরুটি দেখতে না পেয়ে আশপাশের এলাকা, মাঠ-ঘাট ও সড়কে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুটির সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবি, চুরি যাওয়া ষাঁড়টির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। গরুটিকে দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নে লালন-পালন করা হচ্ছিল। স্থানীয়রা জানান, রাতে গবাদিপশু চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত গরুটি উদ্ধারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরির ঘটনায় হাটবোয়ালিয়া ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে








