ভালো কাজের স্বীকৃতি, ১১ পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার
এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান নিয়েও আলোচনা করেন পুলিশ সুপার।
পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ দাপ্তরিক ও ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১১ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের মাধ্যমে সদস্যদের আরও উৎসাহিত করা হবে।
পরে দুপুর ১২টায় একই স্থানে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্তের মান ও গতি বাড়ানো, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।








