সন্ধ্যা নামলেই ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার বিভিন্ন সড়কে জ্বলে উঠছে সড়কবাতি। বিদ্যুৎ না থাকলেও সৌরবিদ্যুতের বাতিতে আলোকিত থাকছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। এতে রাতের চলাচলে স্বস্তির পাশাপাশি নাগরিকদের নিরাপত্তাও কিছুটা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সম্প্রতি হরিণাকুণ্ডু পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, পৌর এলাকায় ৪০টি সড়কবাতি এবং ২৬টি সৌরবিদ্যুতের বাতি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ১৪টি সৌরবিদ্যুতের বাতি অকেজো থাকায় রাতের বেলায় এসব এলাকায় অন্ধকার নেমে আসত। পরে সেগুলো সংস্কার করে পুনরায় সচল করা হয়েছে। হরিণাকুণ্ডু পৌরসভার সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, সড়কে বিভিন্ন সময়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। নাগরিকদের রাতের নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব তহবিল থেকে সৌরবিদ্যুতের বাতিগুলো সংস্কার করা হয়েছে। পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে, মান্দারতলা বটতলা, ঝিনাইগাতি ক্যানালের সেতুর পাশে, চিথলিয়াপাড়ায় বিপ্লবের বাড়ির সামনে, ওসমান মণ্ডলের বাড়ির সামনে, পার্বতীপুর ওয়াপদা মোড়, ফায়ার সার্ভিস অফিসের সামনে, চটকাবাড়িয়া বটতলা মোড়, মাছ বাজারে হাফিজুলের দোকানের সামনে, শুড়া হিন্দুপাড়া ক্যানালের পাশে, আমেরচারা মোড়, বৈঠাপাড়া স্কেল, মালিথাপাড়া কবরস্থান ও বৈঠাপাড়া কবরস্থান এলাকায় সৌরবিদ্যুতের বাতি জ্বলছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন অকেজো থাকার পর সড়কবাতিগুলো সচল হওয়ায় রাতে চলাচল অনেকটা নিরাপদ হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও কবরস্থানসংলগ্ন সড়কগুলো আলোকিত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাগরিক সেবার বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করব এবং পৌরসভার উন্নয়নে সর্বদা সজাগ থাকব।” হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রদীপ্ত রায় দীপন বলেন, নাগরিক সেবার মান উন্নয়নের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে। রাতের বেলায় নাগরিকদের নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সড়কের পাশে থাকা সৌরবিদ্যুতের বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পৌর এলাকার নাগরিক সেবার অন্যান্য সমস্যাও চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।








