সন্তান গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা, ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ

সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের সচেতনতা, পারিবারিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়েছে ভোলায়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আল-ইহসান একাডেমি মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান-২০২৬’। শনিবার সকাল ১১টায় আল-ইহসান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এবং ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম হিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজ, ভোলার সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরে আলম ফরাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ইহসান একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমসহ শিক্ষক-কর্মচারীরা।

মা সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ভিত্তি তৈরি হয় পরিবার থেকেই। বিশেষ করে সন্তানের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যালয়ের পাঠ্যশিক্ষার পাশাপাশি সন্তানের পড়াশোনা, আচরণ ও নৈতিক বিকাশের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যেমন পরিবারের, তেমনি একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার দায়িত্বও সবার। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে হবে। এ লক্ষ্যেই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল-ইহসান একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় অতিথিরা আল-ইহসান একাডেমির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা, অভিভাবক সচেতনতা ও পরিবেশ সুরক্ষাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেমন নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে, তেমনি পরিবেশ রক্ষায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বৃক্ষ বিতরণ কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, সামাজিক ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সন্তান গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা, ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ

06 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com