সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, আলমডাঙ্গা পৌর এলাকায় চরম জনদুর্ভোগ

সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসমান পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেক স্থানে জলাবদ্ধতার কারণে বাড়ি থেকে বের হওয়া, মসজিদে নামাজ পড়তে যাওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এবি বাড়ির রাস্তা থেকে আলমডাঙ্গা বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে হাঁটুসমান হয়ে গেছে। কোথাও কোথাও সড়কের পাশের বাড়ির প্রবেশপথেও পানি জমে রয়েছে। ফলে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। বৃষ্টি থেমে গেলেও দিনের পর দিন সড়কে পানি জমে থাকে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই অনেককে চলাচল করতে হচ্ছে। এলাকার এক মুসল্লি বলেন, “বাড়ি থেকে অজু করে মসজিদে যেতে পারছি না। রাস্তায় জমে থাকা নোংরা পানিতে পা পড়লে অজু নষ্ট হয়ে যাবে—এ কারণে অনেক সময় বাড়িতে অজু করার পর আবার মসজিদে গিয়ে অজু করতে হয়। দীর্ঘদিন ধরে এভাবে ভোগান্তি পোহাচ্ছি।”

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকাতেও বেহাল সড়ক ও জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই ভাঙাচোরা সড়কের খানাখন্দে পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। এরশাদপুর চাতালমোড় থেকে আলমডাঙ্গা কলেজ মোড় পর্যন্ত সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি, একাধিকবার সংস্কারের উদ্যোগ ও টেন্ডার প্রক্রিয়া হলেও মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, এরশাদপুর চাতালমোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কটির টেন্ডার নিয়ে জটিলতার কারণে আদালতে মামলা চলমান রয়েছে। এ কারণে সড়কটির সংস্কারকাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, আলমডাঙ্গা পৌর এলাকায় চরম জনদুর্ভোগ

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com