কুষ্টিয়ার দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে তিনি থানাটি পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের রোলকলে অংশ নেন। পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন। ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে অফিসার ও ফোর্সদের অবহিত করেন পুলিশ সুপার। একই সঙ্গে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পরে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। এ সময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








