ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত ও জরিমানা আদায়ে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ প্রযুক্তি চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এআইনির্ভর অটো ফাইন সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নতুন এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে। আইন লঙ্ঘন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটাবেজে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠিয়ে মামলার বিবরণ জানানো হবে। এরপর যানবাহনের মালিকরা তাঁদের সুবিধামতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। একই যানবাহনের মাধ্যমে বারবার ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে বিআরটিএর বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব হবে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন ও সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com