চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুই গ্রাম গাঁজা ও দুই অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে রাত ১০টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার পাইকপাড়া দাসপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে রাকিব (২১), সজিব (২০) ও আব্দুল আলিম হৃদয়কে (১৮ বছর ৬ মাস) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর আগে রাত ৮টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার রেলস্টেশনসংলগ্ন পুরোনো গোডাউনের পূর্ব পাশে অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মামুনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। রাত ৯টা ৩০ মিনিটে স্টেশনপাড়ার কুষ্টিয়া রোড যাত্রী ছাউনির সামনে থেকে মহির উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ লিটন আলীকে (৩৪) ভোগাইল বগাদী এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাকিব, সজিব, আব্দুল আলিম হৃদয়, মহির উদ্দিন ও মামুনকে তাৎক্ষণিক বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। লিটন আলীকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।








