চুয়াডাঙ্গায় একমাত্র কিডনি ডায়ালাইসিস প্রতিষ্ঠান খলিল মালিক হাসপাতাল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বুধবার (১২ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকালে তিনি ডায়ালাইসিস সেন্টার, চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক সুবিধাসহ হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রোগীরা বাস্তবে কী ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন এবং সেবার মান কতটা নিশ্চিত করা হচ্ছে, সে বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, তাঁর নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ নিম্ন ও মধ্যম আয়ের। তাই চিকিৎসাসেবার মান ঠিক রেখে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কীভাবে আরও কমানো যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, “মানসম্মত চিকিৎসাসেবা শুধু নিশ্চিত করলেই হবে না; তা সাধারণ মানুষের নাগালের মধ্যেও রাখতে হবে।” স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি চিকিৎসা ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।








