মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জিতনী (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, লালবাড়ী এলাকায় এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে পুকুর থেকে জিতনীর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত জিতনী আব্দুল জলিলের মেয়ে। পরিবারটি লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়ায় বসবাস করছিল। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়। জিতনী শেরপুর সদর উপজেলার ভাতসালা ইউনিয়নের চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্বজনরা জানান, বাবা-মায়ের সঙ্গে মাত্র দুই দিন আগে শেরপুর থেকে মুন্সিগঞ্জের লালবাড়ী এলাকায় আসে জিতনী। শুক্রবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।








