জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান, গুণগত মান ও সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। মঙ্গলবার (৫ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য পরিবেশিত খাবারের মান, পরিচ্ছন্নতা, পরিবেশন ব্যবস্থা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রোগীদের খাদ্য ব্যবস্থাপনা ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের অর্থে পরিচালিত সরকারি হাসপাতালগুলোতে রোগীরা যেন মানসম্মত চিকিৎসা ও পুষ্টিকর খাবার পান, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাস্থ্যসেবার প্রতিটি খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা, খাদ্যের গুণগত মান নিশ্চিত করা এবং সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করার নির্দেশনা দেন। এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।








