জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত দলের সাংগঠনিক সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন এ কমিটির অনুমোদন দেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা এবং জনগণের কাছে দলের লক্ষ্য-আদর্শ পৌঁছে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনা দেন। এ সময় ববি হাজ্জাজ সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবঘোষিত চুয়াডাঙ্গা জেলা এডহক কমিটির আহ্বায়ক আমির হোসেন সুমির এবং সদস্য সচিব রাতুল খন্দকার বক্তব্য দেন। তারা জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলায় এনডিএমের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলটি একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।








