চুয়াডাঙ্গা জেলা কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও বন্দিদের কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ লুৎফুন নাহার এবং পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তারা জেলা কারাগার পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় কারাগারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন মামলায় অভিযুক্ত বন্দিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তারা বন্দিদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কারাগারের সংশোধনমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে কারাগারে অবস্থানরত কয়েদিদের মাঝে বিভিন্ন ধরনের বই বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার বলেন, কারাগার শুধু শাস্তি কার্যকরের স্থান নয়, এটি সংশোধন ও আত্মউন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও ইতিবাচক চিন্তাচর্চার বিকাশ ঘটায়। বন্দিদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং সমাজে ইতিবাচকভাবে ফিরে আসার পথ আরও সুগম হবে। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সংশোধনমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। কারাগারে নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বন্দিদের পুনর্বাসন ও মানসিক উন্নয়নে শিক্ষা, পাঠাভ্যাস এবং মানবিক কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








