চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া দাসপাড়া গ্রামের সাইদুরের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. শাহিন আলী (৩২), পিতা- মৃত মতিয়ার রহমান, গ্রাম- রাধিকাগঞ্জ (পশুহাট), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা এবং মো. মিন্টু (২৪), পিতা- মো. ইদ্রিস আলী বিশ্বাস, গ্রাম- কাকিলাদাহ (ক্যানেলপাড়া), থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৪৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে আরও অন্তত দুইজন সহযোগী এবং ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের পাশাপাশি পলাতক, পৃষ্ঠপোষকতা ও মদদদানকারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








