নওগাঁর মহাদেবপুরে ঝড়ে বাড়ির টিনের ছাউনির ক্ষতিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পরও প্রতিবেশীর ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবারের ঝড়-বৃষ্টিতে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে দেলোয়ার হোসেনের বাড়ির টিনের ছাউনির ওপর পড়ে প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষতি হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। তবে মীমাংসার পর মঙ্গলবার সকালে ভেঙে পড়া গাছের পাশের আরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরও ৩টি গাছ কাটা বন্ধ করে দেন।ভুক্তভোগী আফান আলী জানান, অনুমতি ছাড়াই তার ১৬টি গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় তিনি দাশড়া গ্রামের দেলোয়ার হোসেন, সমসের আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্তদের পরিবারের সদস্যরা জানান, ঝড়ে বাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি আগে থেকেই মীমাংসা হয়েছিল। পরে গাছগুলো কেটে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে। পরে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








