
মহান মে দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিবসটি পালিত হয় উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে। এ উপলক্ষে ভোলা কাবিল মসজিদের সামনে থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা নতুন বাজার চত্বর হয়ে ওয়েস্টার্ন পাড়া রাস্তায় অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পেশার কয়েক হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, “মে দিবস আমাদের অধিকার আদায়ের প্রেরণা। এটি শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও ন্যায়বিচারের প্রতীক। আজও অনেক শ্রমিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তাই এই দিবসে আমরা শপথ নিই—শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।” তারা আরও বলেন, “দেশের উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ তাদের জীবনে রয়েছে নানা বঞ্চনা। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।” সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপদেষ্টা মাওলানা কামাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল গাফফার, মোঃ রুহুল আমিন, মোঃ জাহাঙ্গীর, আতাউর রহমান, মোঃ কামাল হোসেন, রিকশা শ্রমিক নেতা মোহাম্মদ মনসুর, নির্মাণ শ্রমিক নেতা আব্দুস সাত্তার, বাস শ্রমিক নেতা আমজাদ, মুরাদ শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ডঃ শফিকুর রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে বলেন, “মে দিবস আমাদের শিক্ষা দেয়—শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি প্রদান করতে হবে। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার অত্যন্ত মর্যাদাপূর্ণ। শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” এছাড়াও একই দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে পৃথক শ্রমিক র্যালি অনুষ্ঠিত হয়। সার্বিকভাবে, এবারের মে দিবসে ভোলায় শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তার দাবিতে ছিল ব্যাপক অংশগ্রহণ ও দৃঢ় ঐক্যের বহিঃপ্রকাশ।








