
চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার শিকার হয়েছেন মতিউর রহমান (৪০) নামের এক ব্যক্তি। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। বর্তমানে তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর রেলস্টেশনের কাছে। অভিযোগ রয়েছে, বিদেশে লোক পাঠানো সংক্রান্ত একটি বিরোধের জেরে কয়েকজন যুবক চলন্ত ট্রেন থেকে মতিউরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্থানীয়দের ভুল ধারণায় তিনি গণপিটুনিরও শিকার হন।এ ঘটনায় সোমবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।মতিউর রহমান একসময় অটোরিকশা চালালেও বর্তমানে বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে যুক্ত। তাঁর পরিবার জানিয়েছে, সৌদি আরবে পাঠানো এক যুবকের কাগজপত্র নিয়ে বিরোধ তৈরি হয়। ওই যুবকের পরিবারের কয়েকজন সদস্য ট্রেনে মতিউরকে একা পেয়ে ‘চোর’ অপবাদ দিয়ে তাঁকে মারধর করে এবং ট্রেন থেকে ফেলে দেয়।ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেন থেকে পড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে আছেন মতিউর। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।মতিউরের ভাষ্য অনুযায়ী, “ট্রেনে বগুড়া থেকে ফিরছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমাকে ঘিরে ফেলে, চাকু ধরে বলে আমি নাকি মোবাইল চুরি করেছি। এক পর্যায়ে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি আলতাফনগর থেকে নশরৎপুর পর্যন্ত ট্রেনের দরজায় ঝুলে থাকি। শেষমেশ নশরৎপুর স্টেশনে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাই।”তিনি আরও জানান, “একজনকে আমি চিনেছি—তার নাম সুমন। সে আদমদীঘির দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও সজীব নামে এক যুবকের শ্যালক।”ঘটনার পরপরই মতিউরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার ভিডিও ও ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।








