[post-views]
ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার


ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা না হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাকিস্তানে ছয় দিনের সফরে গিয়ে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত যদি বাংলাদেশের অনুরোধে সাড়া না দেয় এবং শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণার প্রসঙ্গে স্পিকার বলেন, তার দেশে ফেরার এসব বক্তব্য মূলত দলীয় কর্মীদের সক্রিয় ও মনোবল ধরে রাখার কৌশল। তিনি আরও দাবি করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।
স্পিকার তার বক্তব্যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল এবং দেশের মানুষ এর কারণে নানা ভোগান্তির শিকার হয়েছে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি ভারতের প্রচলিত আইনগত ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

28 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com