[post-views]
জয়পুরহাটে দুপুর ১টা ৩৭ মিনিটে অফিসে এলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, উঠেছে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

মোঃ মাফিজুল ইসলাম: জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছা. আলপনা পারভীনের দেরিতে অফিসে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। অফিস শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা হলেও তাঁকে দুপুর ১টা ৩৭ মিনিটে কার্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে তিনি অফিসে আসেন বলেও অভিযোগ উঠেছে।

গত বুধবার (২৫ নভেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতির সময় এ ঘটনা ঘটে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁকে কার্যালয়ে পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ৩৭ মিনিটে তিনি অফিসে উপস্থিত হন। এ সময় তাঁর টেবিলে একাধিক দাপ্তরিক নথিপত্র জমা থাকতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বিভিন্ন কাজের অজুহাতে দেরিতে অফিসে আসেন ওই কর্মকর্তা। তবে এ অভিযোগের বিষয়ে আলপনা পারভীন বলেন, তিনি নিয়মিত সঠিক সময়ে অফিসে আসেন। কয়েক মাসে একাধিকবার চেয়ারম্যান পরিবর্তন হওয়ায় ব্যাংক হিসাব পরিবর্তনসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র নিয়ে ব্যাংক ও অন্যান্য অফিসে যেতে হচ্ছে তাঁকে।

তিনি আরও বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদরে হওয়ায় সরাসরি ইউনিয়ন পরিষদে না এসে বাড়ি থেকে ব্যাংক ও অন্যান্য দাপ্তরিক কাজ শেষ করে পরিষদে এসেছেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, সরাসরি অফিসে না এসে হাজিরা না দেখিয়ে দেরিতে আসা তাঁর উচিত হয়নি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তিনি মাত্র ১৫ দিন আগে দায়িত্ব নিয়েছেন। আলপনা পারভীন এর আগে অসুস্থ থাকায় দীর্ঘদিন ছুটিতে ছিলেন। বর্তমানে কেন তিনি নিয়মিত অফিসে আসছেন না, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

জনগণের ভোগান্তির বিষয়ে চেয়ারম্যান বলেন, তিনি নিজে সকাল ৯টায় অফিসে আসেন। কোনো কর্মকর্তা দাপ্তরিক দায়িত্ব পালনের সময় অনুপস্থিত থাকলে সাধারণ মানুষের সমস্যা হওয়া স্বাভাবিক। তবে আলপনা পারভীন সরকারি প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় তাঁর বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না।

হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান বলেন, তিনি নিজের দাপ্তরিক দায়িত্ব নিয়মিত পালন করেন। তবে আলপনা পারভীন কেন দেরিতে আসেন কিংবা কী কাজে বাইরে থাকেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এদিকে পরিষদে সেবা নিতে আসা কয়েকজন সুবিধাভোগী জানান, জন্মনিবন্ধন, মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তাঁরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সেবা নিতে আসা আলেফোন, সজিব, বিধান ও আনোয়ারসহ কয়েকজন বলেন, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাজ সম্পন্ন হলে তাঁদের জানানো হবে।

অন্যদিকে ব্যাংক হিসাব পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যের সঙ্গে বাস্তব প্রক্রিয়ার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংক হিসাবের মালিকানা পরিবর্তন বা একাধিক ব্যক্তির নামে হিসাব পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে বলে জানা গেছে। তবে চেয়ারম্যান আতাউর রহমান জানান, ব্যাংক হিসাব পরিবর্তনের বিষয়ে তিনি বিস্তারিত অবগত নন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক নথিপত্র সংরক্ষণ, পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবার বিভিন্ন প্রশাসনিক কাজে তাঁর ভূমিকা রয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৬২ ধারায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলির বিধান রয়েছে। ২০২৪ সালের সংশোধনীতে আইনের ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

এ পরিস্থিতিতে সরকারি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন দায়িত্বশীল কর্মকর্তার অনুপস্থিতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জয়পুরহাটে দুপুর ১টা ৩৭ মিনিটে অফিসে এলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, উঠেছে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

27 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com