খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, পৌর ভূমি অফিস, আলোকদিয়া ইউনিয়ন পরিষদ এবং চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবীর, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তারসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিভাগীয় কমিশনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরের সেবার মান এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি কার্যক্রমে গতিশীলতা আনতে এ ধরনের সরেজমিন পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









