বাগেরহাটের ফকিরহাটে মিল্কভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের বসতবাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট মডেল থানাধীন বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত মিল্কভিটা গ্রুপের চেয়ারম্যানের দুইতলা বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ১৯ নভেম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি নম্বর ১২। জিআর নম্বর ১৭৮। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারা এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক) ধারায় মামলাটি করা হয়।
মামলা দায়েরের পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করে। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার বাকুইপাড়ার মেহেদী হাসানের ছেলে শরীফুল ইসলাম শামীম (২৩) এবং খুলনার লবণচরা এলাকার খান বাহাদুর সড়কের মো. আলতাফ হোসেনের ছেলে মাহমুদ নবী (৩১)।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেল (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জাহাঙ্গীর শেখের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা বারাশিয়া এবং বর্তমানে মূলঘর এলাকায় বাবর শিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানে গ্রেপ্তার শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া মেহেদী হাসান রাসেলের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। পুলিশের দাবি, তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।









